সরকার প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রীর হাত দিয়ে পৌরসভা নির্বাচনে ‘অনিয়ম’ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের প্রধানের হাত দিয়েই যখন অনিয়ম শুরু তখন এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আর কোনো সুযোগ থাকে না।
তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ আছে, কোনো পৌরসভার মেয়র প্রার্থী পদে একজন মাত্র দলীয় নমিনেশন সাবমিট করতে পারবেন। কিন্তু শরীয়তপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই হয়ে সাত তারিখে বাতিল হয়ে যাওয়ার পরও ঐদিনই আরেকটি মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী। নিয়ম অনুযায়ী ওই মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন দলীয় প্রধান ও সরকার প্রধান শেখ হাসিনা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একই জায়গায় একাধিক মনোনয়ন পত্র দাখিল করা হলে সবগুলোই বাতিল হয়ে যাবে তার পরও সেখানে মনোনয়নপত্র আবার দাখিল করা হয়েছে এবং স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেছেন। তিনি এখনও কোনো সিদ্ধান্ত দেননি। সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।