‘প্রতিষ্ঠার সময় অনুযায়ী টেলিভিশন চ্যানেলের ক্রম’

 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে চ্যানেল যখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সময় অনুযায়ী তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলের সিরিয়াল ঠিক করে বাণিজ্য মন্ত্রণালয়কে জানাবে। আমরা তা কেবল অপারেটরদের জানিয়ে দেব তাদের এই সিদ্ধান্ত মানতে হবে।
 
বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সঙ্গে এক বৈঠকশেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
 
তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চ্যানেলগুলোর ক্রম ঠিকমত নেই, বিদেশি চ্যানেল আগে দেখায়। দেশের কোনো কোনো চ্যানেল আগে দেখায়। আবার আগে প্রতিষ্ঠিত অনেক চ্যানেলই পরে আসে।  এটা ঠিক না। আমরা এর সিরিয়াল ঠিক করে দেব। এই নির্দেশনা না মানলে লাইসেন্স বাতিল করে দেয়া হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেলগুলো প্রদর্শনের বিষয়ে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, ভারতে আমাদের চ্যানেলগুলো প্রচার করতে চাই, পরে এই বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেব।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের চ্যানেলগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি চ্যানেল পরে প্রদর্শিত হবে। অনেক কেবল অপারেটর এটা মানে না, যা দুঃখজনক।
 
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের মালিকরা উপস্থিত ছিলেন।