মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

দশম জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে যাতে সিন্ডিকেট ব্যবস্থা গড়ে উঠতে না পারে এবং জনগণ যাতে প্রতারণার শিকার না হন সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।


আজ কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম এবং মো. আয়েন উদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগদান করেন।


বৈঠকে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ এবং ১নং সাব-কমিটির কার্যক্রম ও প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটিকে এসময় জানানো হয়, চলতি বছরে বিএমইটি থেকে অনুমোদন নিয়ে এ পর্যন্ত ৫ লাখ ৬ হাজার ৯৪৯ জন বিভিন্ন কাজে প্রবাসে গমণ করেছেন, যাহা গত বছরের তুলনায় ১ লাখ বেশী।


আরো জানানো হয় যে, টিটিসি থেকে ভূয়া সনদের বিষয়ে বিএমইটি প্রদত্ত সনদপত্র অধিকতর সুরক্ষার জন্য বিএমইটির মনোগ্রামসহ অ্যামবুশ সীলের পাশাপাশি সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক অ্যামবুশ সীল ব্যবহারের নির্দেশ এবং ৬টি নিরাপত্তা ফিচার দিয়ে সার্টিফিকেট ফরমেট তৈরি করে কেবলমাত্র প্রশিক্ষণ গ্রহণকারীদের নামে সনদ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।


কমিটি বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংকে রূপান্তরের লক্ষ্যে অতিরিক্ত ৩০০ কোটি টাকা পরিশোধিত মুলধনের প্রয়োজনে ওই টাকা ওয়েজ আর্নাস কল্যাণ তহবিল থেকে প্রদানের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।


বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস