সপ্তাহব্যাপী অস্ত্রবিরতিতে যাচ্ছে ইয়েমেন

 
ইয়েমেনের বিবদমান পক্ষগুলো ১৫ ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতিতে যাচ্ছে। জাতিসংঘের উদ্যোগে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা উপলক্ষে এই অস্ত্রবিরতি পালন করা হবে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার একথা জানিয়েছেন।
 
পররাষ্ট্রমন্ত্রী আবদেল মালেক আল মাখলাফি বলেন, ‘আলোচনা শুরু হওয়ার দিন ১৫ ডিসেম্বর থেকে সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি বলবত হবে।’
ইয়েমেনের মন্ত্রিসভার একটি সূত্র জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্ট হাদির পাঠানো একটি চিঠিতে উল্লিখিত সাত দিন স্থায়ী হবে এই অস্ত্রবিরতি। মন্ত্রিসভা সূত্র জানায়, চুক্তিতে বিভিন্ন শহরে অবরোধ তুলে নেয়া, মানবিক সাহায্য প্রবেশ করতে দেয়া এবং সামরিক ও রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে বিদ্রোহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
 
জাতিসংঘ এই যুদ্ধবিরতি তত্ত্বাবধান করবে। এটি সফল হলে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। তবে, বিদ্রোহীরা অস্ত্রবিরতি মেনে চলবে তাত্ক্ষণিকভাবে এমন নিশ্চয়তা পাওয়া যায়নি। সূত্র: এএফপি