সোনিয়াকে আদালতে হাজিরার নির্দেশ, পাশে দাঁড়ালেন মমতা

ভারতের জাতীয় কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সমর্থনে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের এই দুই নেতাকে দুর্নীতি মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে শীর্ষ আদালতের নির্দেশের পর কংগ্রেসের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী।
 
সংসদেও কংগ্রেসের সঙ্গে এক সুরে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা। আর দিল্লিতে গিয়ে প্রকাশ্যেই সোনিয়ার পাশে দাঁড়ালেন মমতা।
 
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে নিম্ন আদালতে সমনের প্রতিবাদে মঙ্গলবার সারাদিন সংসদ অচল করে রাখে কংগ্রেস। তাতে সমর্থন দেয় তৃণমূল। ব্যক্তিগতভাবেও সোনিয়া রাহুলের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন মমতা। তার কথায় এতো বছর রাজনীতি করার পর যদি কাউকে আদালতে হাজিরা দিতে হয়, তা হলে খুবই অস্বস্তি হয়। আমারও খারাপ লাগছে। সময় হলে সোনিয়াজির সঙ্গে আমি দেখা করবো। সূত্র: আনন্দবাজার পত্রিকা