ব্রিটেনের রানী পুরস্কার দিবেন বাংলাদেশি তরুণকে

ব্রিটেনের রানীর হাত থেকে সম্মানজনক ইয়ং লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি তরুণ ওসমান বিন নূর। বুধবার এই পুরস্কারের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর ৬০ জন তরুণের নাম ঘোষণা করা হয়। নিজ এলাকায় ব্যতিক্রমধর্মী কাজে নেতৃত্ব দেয়ার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পাবেন নূর।

 
আগামী বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রানী দ্বিতীয় এলিজাবেথ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন। নিজ এলাকায় মানুষের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসার স্বীকৃতি হিসেবে রানীর ইয়ং লিডার প্রোগ্রাম তরুণদের পুরস্কৃত করছে।
 
কমনওয়েলথভুক্ত দেশগুলোতে শিক্ষা, জলবায়ু পরিবর্তন, জেন্ডার সমতা, মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধীদের বিষয়ে সহায়তা ও সচেতনতা সৃষ্টিতে নেতৃত্বদানকারী ১৮ থেকে ২৯ বছর বয়সী ৬০ জন তরুণের নাম ঘোষণা করা হলো এবছর।
 
বাংলাদেশি তরুণদের সুযোগগুলো খুঁজে বের করে জীবনে পরিবর্তন নিয়ে আসার স্বীকৃতি হিসেবে ২৪ বছর বয়সী নূর এই পুরস্কার পাবেন। এ বিষয়ে নূর বলেন, অনেক তরুণই শুধুমাত্র সচেতনতার অভাবে অনেক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আমি তরুণদের জন্য এই সুযোগগুলো খুঁজে বের করার বিষয় নিয়েই কাজ করেছি।'
 
২০১৪ সাল থেকে ইয়ং লিডার প্রোগ্রাম কাজ শুরু করেছে। আগামী তিন বছর এই প্রোগ্রামের মাধ্যমে হাজারো তরুণকে তাদের লক্ষ্যে পৌঁছতে সহায়তা করা হবে। গতকাল সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ডব্লিউ গিবসন তার বাসভবনে ওসমান বিন নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।