‘ভেড়ার মতো ঢুকে নেকড়ের রূপ নেয় জঙ্গিবাদ’

 

জঙ্গিবাদের ভয়াবহ রূপ সম্পর্কে মানধিকারকর্মীদের সতর্ক করে এর বিরুদ্ধে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।

 

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জঙ্গিবাদ শুরুতে ভেড়ার চেহারা নিয়ে ঢোকে। তারপর নেকড়ের চেহারা দেখায়। এটা আমরা আমাদের দেশে আস্তে আস্তে দেখছি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য ব্যবস্থা ও জীবনধারার মধ্যে খুব নিরীহ কিছু কথা নিয়ে ঢুকে পড়েছে।’

 

সুলতানা কামাল বলেন, ‘এরপর আস্তে আস্তে এমন পর্যায় নিয়ে যায়, যাতে বলা হয় আমার ধর্মই শ্রেষ্ঠ। অন্য ধর্মের বিরুদ্ধে দাঁড়ানো তোমার দায়িত্ব, সেটা করতে না পারলে তুমি ব্যর্থ।’

‘আমরাই পারি-পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ আয়োজিত কৌশলগত পরিকল্পনা এবং বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন সংগঠনের চেয়ারপারসন সুলতানা কামাল।

জঙ্গিবাদ প্রতিরোধের প্রথম শর্তই হচ্ছে এটাকে মেনে না নেওয়া- একথা উল্লেখ করে তিনি বলেন, যদি জঙ্গিবাদকে অনবরত মেনে নেই, তবে তারা ডিকটেট করতে থাকবে। তাই জঙ্গিবাদ চিনতে হবে, বুঝতে হবে। বুদ্ধি দিয়ে তাদের মোকাবেলা করতে হবে।

জঙ্গিবাদীরা সশস্ত্র হওয়ায় তাদের বিরুদ্ধে সতর্ক পদক্ষেপে এগোনোর পরামর্শ দিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের সকলকে গণতান্ত্রিক হতে হবে। কারণ জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্রের মিল হতে পারে না। জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে শক্তভাবে নারীরাই দাঁড়াতে পারে। এজন্য তাদের প্রথম অবিচার নারীদের ওপরই। প্রথমেই তারা নারীর চেহারা ঢাকতে চায় ও নারীকে ঘরে থাকতে বাধ্য করে।

 

অক্সফাম প্রতিনিধি এমবি আখতার বলেন, নারী হিসেবে দিনের পর দিন নির্যাতন মেনে নিলে নির্যাতন যেমন কখনো বন্ধ হয় না, তেমনি যারা নির্যাতন করেন তারা যদি নিজেদের আচরণ পরিবর্তন না করে, তাহলে কখনোই নির্যাতন বন্ধ করা সম্ভব না।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আমরাই পারি জোট-এর জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, হেকস ইন্টারন্যাশনালের আবাসিক প্রতিনিধি অনিক আসাদ, চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দীন সেলিম, গণমাধ্যমকর্মী ফারজানা ব্রাউনিয়া বক্তব্য দেন।

এর আগে সকাল থেকে অনুষ্ঠিত কর্মশালায় ৪০টি জেলার আমরাই পারি’র ৭০ জন সংগঠক অংশ নেন।