শপথ গ্রহণের অপেক্ষায় রয়েছেন আর্জেন্টিনার নব নির্বাচিত প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাক্রি। বৃহস্পতিবার দিনের মধ্যভাগে তার শপথ গ্রহণের কথা রয়েছে। শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ম্যাক্রি শপথ গ্রহণের আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির সিনেটের নেতা ফেড্রিক পিনেদো।
অন্যদিকে বুধবার মধ্যরাতে ভাষণ প্রদাণ করেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ক্রিসটিনা ফার্নানদেজ ডি কির্চনার। দলের সদস্য এবং সমর্থকদের উদ্দেশ্যে পার্টিতে দেয়া ভাষণে প্রদানকালে তার ভক্তরা কান্নায় ভেঙ্গে পরেন। ওই ভাষণে তিনি ক্ষমতায় থাকাকালীন তার নেতৃত্বের এবং সফলতার কথা তুলে ধরেন। তবে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ম্যাক্রির জন্য কোনো কিছু সহজ নয় এমন ইঙ্গিত পাওয়া গেছে তার ভাষণে।
কির্চনার বুধবার তার ভাষণে এক ফেডারেল কোর্টের রুলের বিষয়ে কটাক্ষ করেন। কেননা ম্যাক্রির একটি কেসের ওপর ভিত্তি করে ওই রুল জারি করা হয়েছিল। ওই রুলের কারণে মধ্যরাতেই প্রেসিডেন্টের পদ ছাড়তে হয়েছে তাকে। তার মতে, এই রুলের কারণে ম্যাক্রি শপথ গ্রহণ করার আগ পর্যন্ত প্রেসিডেন্ট বিহীন অবস্থায় থাকবে আর্জেন্টিনা। কিন্তু ল্যাটিন হ্যারল্ড পত্রিকার তরফ থেকে জানা যায়, ম্যাক্রি শপথ গ্রহণের আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন দেশটির সিনেটের নেতা ফেড্রিক পিনেদো।