লিবিয়ার জন্য জাতিসংঘের মানবিক সাহায্যের আবেদন

 
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লিবিয়ার জন্য ১৬ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে জাতিসংঘ।
 
উত্তর আফ্রিকার এই দেশ বিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়ক আলী আল-জাতারি তিউনিশিয়ার রাজধানীতে বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, নানা সংকটের মধ্যে থাকা লিবীয় জনগণকে মানবিক সাহায্যে এগিয়ে আসতে আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ, সেখানে মানবিক সংকট আরো তীব্র হবে বলে আমরা আশঙ্কা করছি।
 
জাতারি দেশটিতে মানবিক যুদ্ধবিরতি এবং করিডোর খোলার আহবান জানিয়েছেন যাতে প্রয়োজনীয় ত্রাণ সেখানে পৌঁছাতে পারে।
 
লিবিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সাঈদ জাফর হোসেন জানান, খাবার পানি ও ঔষধের মতো মৌলিক চাহিদা পূরণে প্রচুর অর্থের প্রয়োজন। খবর: এএফপি।