সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার আরো তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসান এ তিনজনের সাক্ষগ্রহণ করেছেন। সাক্ষ্য দেন ঘটনার প্রত্যক্ষদর্শী জমসেদ মিয়া, জাহেদুর রহমান ও ক্বারী মো. আব্দুস শহীদ। আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে।
এদিকে গ্রেপ্তারকৃত ১৪ আসামির মধ্যে ১২ জনকে আদালতে হাজির করা হয়। অসুস্থতার কারণে সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আদালতে হাজির করা হয়নি। তাদের পক্ষে তাদের আইনজীবীরা হাজিরা দিয়েছেন।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে। চঞ্চল্যকর এ মামলায় মোট ১৭১ জনের সাক্ষ্য করা হবে।