এমডিজির তিনটি লক্ষ্য অর্জন করে ফেলেছে ঢাকা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশ সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) তিনটি লক্ষ্য ইতিমধ্যেই অর্জন করেছে। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর এবং নিরাপদ খাবার পানির সুবিধা নিশ্চিত করেছে।

 
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘লাইভলিহুড এশিয়া সামিট-২০১৫’তে ভাষণকালে এসব কথা বলেন। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নাজমা এ হেপতুল্লাহ এ সম্মেলনের উদ্বোধন করেন। বাংলাদেশসহ এশিয়ার ৮টি দেশ থেকে ৬শ’ প্রতিনিধি এবারের এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তুলে ধরতে ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ গ্রহন করেছে। দারিদ্র্য মুক্ত মধ্যম আয়ের একটি দেশ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে, এ দুটি রূপকল্পে কয়েকটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে নতুন জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে দক্ষ ও সৃজনশীল মানব সম্পদ তৈরি করা। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।
 

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের টেকসই জীবিকার অভিজ্ঞতা রয়েছে। সাসটেইনেবল রুর্যাল লাইভলিহুড কাঠামো অনুযায়ী কৃষি জোরদারকরণ সম্প্রসারণ হচ্ছে জীবিকা কৌশলের অন্যতম যা বাংলাদেশে খাদ্য উত্পাদনের সাথে সরাসরি সম্পৃক্ত। মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। আমরা জানি যে, জীবিকার বৈচিত্র হচ্ছে গ্রামের জনগণের বিশেষ করে দুস্থ পরিবারগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ জীবিকা কৌশল। এলজিআরডি মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার জীবিকার বৈচিত্র্যের ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সহযোগিতামূলক সেবা প্রদান বিশেষ করে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে জীবিকার সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে।