যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মুসলিম একটি শীর্ষ প্রতিষ্ঠানে আসা একটি চিঠিতে হিংসাত্মক বার্তা আর সাদা পাউডার পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা) এ ঘটনার পরপরই পুরো কার্যালয়টি খালি করে ফেলা হয়। খবর বিবিসির।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স নামের ওই প্রতিষ্ঠানটিতে আসা বার্তায় লেখা ছিল, 'মুসলিমরা, তোমাদের কষ্টকর মৃত্যু হোক।'
চিঠির সঙ্গে থাকা পাউডারে বিষাক্ত জীবাণু থাকতে পারে, এই আশঙ্কায় দুইজন কর্মীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও, পরে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি।
ওই চিঠিটি পরীক্ষা করতে শুরু করেছে সেদেশের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্যান বার্নাডিনোয় সন্ত্রাসী হামলার পর, মুসলিম বিরোধী মনোভাবের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আমেরিকার মুসলিম নেতারা বলছেন, 'এ ধরনের হুমকি নতুন নয়, কিন্তু প্যারিসে সন্ত্রাসী হামলার পর এই প্রবণতা আরও বেড়েছে।'