উত্তর কোরিয়ার কাছে হাইড্রোজেন বোমা আছে বলে কিম জং উনের দাবিকে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। রাজধানী পিয়ংইয়ংয়ে অবস্থিত দেশটির ঐতিহাসিক সামরিক স্থাপনা পরিদর্শন শেষে হাইড্রোজেন বোমা থাকার কথা দাবি করেছিলেন উন।
প্রেসিডেন্টের এই দাবি সত্য হলে, এই প্রথম দেশটি হাইড্রোজেন বোমা থাকার কথা স্বীকার করল। এটি ফিশন বোমার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। উনের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া নিজেদের তৈরি পরমাণু ও হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত রয়েছে। এ তথ্য যদি সত্য হয় তবে পরমাণু অস্ত্রের সক্ষমতার ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেল দেশটি।
কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বলেছেন, পিয়ংইয়ংয়ের দাবির বিপরীতে ওয়াশিংটনের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তবে দেশটির পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রক্রিয়ার কারণে তারা যথেষ্ট ঝুঁকি ও হুমকির মধ্যে রয়েছেন।
এদিকে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়নহপ দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের গবেষক লি চুন-জিউনের বরাত দিয়ে জানিয়েছে, তাদের কাছে হাইড্রোজেন বোমা আছে সেটা বিশ্বাস করা মুশকিল। তবে তারা এটা সমৃদ্ধ করছে বলেই মনে করেন ওই গবেষক। সূত্র: বিবিসি