জাবিতে জমজমাট প্রজাপতি মেলা

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী জমজমাট প্রজাপতি মেলা।

 

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- এই স্লোগানকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে ষষ্ঠবারের মত এই মেলার আয়োজন করা হয়। মেলায়  হরেক রকমের প্রজাপতি দেখে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা।

 

সকাল ১০টায় প্রজাপতি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে তিন একর জায়গাজুড়ে নির্মিত দেশের প্রথম প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন অতিথিরা। সেখানে বিশালাকৃতির তিনটি ‘প্রজাপতি হাটে’ অসংখ্য রঙ বে-রঙয়ের প্রজাপতি রাখা হয়। যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়।

 

এবারের মেলায় জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারকে (আইইউসিএন) ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল আল হায়দারকে ‘ইয়াং বাটারফ্লাই এনথুজিয়াস্ট’ পুরস্কার প্রদান করা হয়।

 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবুল হোসেন বলেন, এ ক্যাম্পাসকে প্রজাপতির আবাস হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। জীব-বৈচিত্র্য রক্ষায় প্রজাপতি বিশেষজ্ঞ ড. মো. মনোয়ার হোসেন গুরুত্বপূর্ণ অবদার রেখেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের।

 

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি ভালো থাকলে প্রকৃতি ভালো থাকবে, আর প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই সবাইকে পরিবেশ ও প্রজাপতি রক্ষায় সচেতন হতে হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, আই ইউ সি এন এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ডিন এস এম মাহবুবুল হক মজুমদার প্রমুখ।

 

দিনব্যাপী এ মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে  প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।