আসাদকে বাদ দিয়ে আলোচনায় বসতে আগ্রহী বিদ্রোহীরা

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে গেলে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে সিরিয়ার বিরোধী গ্রুপগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদে বিরোধী গ্রুপগুলোর দুই দিনের বৈঠকের শেষদিন বৃহস্পতিবার একথা জানিয়েছেন তারা।
 
সৌদি আরব এ বৈঠকের আয়োজন করে। আলোচনায় সশস্ত্র ও রাজনৈতিক বিরোধী দলগুলো থেকে এক'শর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করার লক্ষ্যে এ নজিরবিহীন আলোচনার আয়োজন করা হয়।
 
বিরোধী গ্রুপগুলো এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য তারা সরকারের সাথে আলোচনায় বসতে সম্মত রয়েছেন। তবে সেক্ষেত্রে বাশার বা তার সরকারের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি থাকতে পারবেন না। এছাড়া অন্তর্বর্তী সরকারের শাসনামলের শুরু থেকেই বাশার এবং তার সহযোগীদের ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে।  জানুয়ারির প্রথম ১০ দিনের মধ্যেই জাতিসংঘের তত্ত্বাবধানে এ আলোচনায় বসতে চান বলেও জানিয়েছেন তারা।
 
এদিকে দেশটির বিরোধী দল ন্যাশনাল কোয়ালিশনের সদস্য মনজুর আকবিক বলেছেন, তারা আলোচনার জন্য ২৫ জনের একটি দল গঠন করতে একমত হয়েছেন। আলোচনায় কোয়ালিশন থেকে থাকবেন ৬ জন, বিদ্রোহী গ্রুপগুলো থেকে ৬ জন, এনসিবি থেকে ৫ জন এবং নিরপেক্ষ ৮ জন প্রতিনিধির একটি দল অংশ নিবে। তারা সকলেই বিরোধী গ্রুপ, রাজনৈতিক এবং সামরিক বাহিনীর সদস্য। রাজনৈতিক সাম্যাবস্থা তৈরিতে তারাই মূল সিদ্ধান্ত গ্রহণ করবেন।
 
ওই দিন এক সংক্ষিপ্ত বিবৃতির পর সংযুক্ত আরব আমিরাতে এক বিবৃতিতে এসব কথা বলেন মনজুর। তাছাড়া ১৫ জনের একটি পৃথক দল আলোচনার জন্য নিয়োগ দেয়া হতে পারে বলেও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি।
 
অন্যদিকে প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদ আলোচনা ফলপ্রসূ হয়েছে। এছাড়া সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ার বিরোধী গ্রুপগুলো এর মাধ্যমে পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া করার সুযোগ পেল। এদিকে আগামী ১৮ ডিসেম্বর নিউইয়র্কে সিরিয়ার শান্তি আলোচনা নিয়ে এখনো কোনোকিছু ঠিক হয়নি বলে জানান কেরি। সূত্র: আল জাজিরা