মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ঢাকা আসছেন রবিবার

 
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর টমাস শ্যানন একদিনের সফরে রবিবার বাংলাদেশে আসছেন।
 
শিগগিরই যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক ‘আন্ডার সেক্রেটারি' হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে একদিনের সফরে ঢাকা আসবেন তিনি।
 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেপ্টেম্বরে টমাস শ্যাননকে এই পদে নিয়োগের জন্য মনোনীত করেন। সিনেটে অনুমোদনের পর শিগগিরই তিনি ওই দায়িত্ব নেবেন। কারণ ২ অক্টোরব পদটি থেকে অবসরে গেছেন ওয়েন্ডি শেরম্যান।
 
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ঢাকা সফরে শ্যাননের সঙ্গে থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল ও দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মানপ্রিত সিং আনন্দ।
 
বাংলাদেশ সফরে সরকার ও জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি গণমাধ্যম, নাগরিক সমাজ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন শ্যানন।
 
ঢাকায় মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে, সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বক্তব্য রাখবেন শ্যানন। বিডি।