দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে মাদক চোরাকারবারীদের উপর বিজিবি গুলি বর্ষণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ সময় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রবিবার রাত আড়াইটার দিকে এঘটনা ঘটে।
বিজিবির মংলা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু সাঈদ জানান, রাতে ভারত থেকে একদল চোরাকারবারী সীমান্তের ২৮৭/২০নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের ২০ গজ ভিতরে ঢুকে পড়ে। এসময় কর্তব্যরত বিজিবি সদস্য জিল্লুর রহমান তাদের চ্যালেঞ্জ করলে ওই চোরাকারবারীরা ক্ষিপ্ত হয়ে বিজিবি সদস্যের মুখে টর্চলাইট ধরে এবং দেশিয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। তখন ওই বিজিবি সদস্য নিজেকে আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি করে।এতে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫১৭ বোতল ফেন্সিডিল ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরো পড়ুন : ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দেশের তরুণ রাজনীতিকরা
এ ঘটনায় চোরাকারবারীদের কেউ হতাহত হয়নি বলে আরও জানান কোম্পানি কমান্ডার আবু সাঈদ।
ইত্তেফাক/এমআরএম