বর্তমানে দেশের গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমানে আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সঙ্কটাপন্ন। গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে। আধিপত্যবাদ আজ ডানা বিস্তার করে রেখেছে।
মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে খালেদা জিয়া বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতাত্তোর বাংলাদেশে সকল স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শাসকগোষ্ঠীকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল সময় থেকেছেন আপোষহীন নেতৃত্বের ভূমিকায়।
তিনি বলেন, দেশ ও জনগণের জন্য নিবেদিতপ্রাণ আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদের চিরদিন একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে। ফোকাস বাংলা।