সিরিয়ায় হুমকি মোকাবেলায় 'সর্বোচ্চ কঠোর' হওয়ার নির্দেশ পুতিনের

সিরিয়ায় রুশ বাহিনীর জন্য যে কোন হুমকি মোকাবেলায় 'সর্বোচ্চ কঠোর' হতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে সম্প্রচার করা একটি ভিডিওতে রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের এই নির্দেশ দিতে দেখা যায় পুতিনকে। তিনি বলেন, এ ধরনের লক্ষ্যবস্তু তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দিতে হবে।
 
তবে কোন পক্ষ থেকে এই হুমকি রয়েছে তা উল্লেখ করেননি পুতিন। সম্প্রতি তুরস্ক রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পর থেকে দেশ দুটির মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। রুশ বিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে অভিযোগ করলেও তা অস্বীকার করেছে রাশিয়া। একে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ অবরোধ আরোপ করেছে রাশিয়া। সূত্র: বিবিসি