আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনৈতিক এলাকায় একটি বিদেশি গেস্ট হাউজে তালেবানের হামলায় একজন স্প্যানিশ পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল এই হামলা স্প্যানিশ দূতাবাসে হয়েছিল।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোই সেটি অস্বীকার করে তিনি বলেন, স্পেনের একজন পুলিশ কর্মকর্তা এই হামলায় নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তালেবান এই হামলার দায় স্বীকার করে বলে, কাবুলের কূটনৈতিক শেরপুর এলাকায় তাদের যোদ্ধারা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় আরো চার আফগান পুলিশ নিহত হয়েছেন।
আফগান কর্মকর্তারা জানান, এ সময় জঙ্গিরা প্রায় এক ঘণ্টা ওই এলাকা অবরুদ্ধ করে রাখে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গিদের সকলেই নিহত হয় এবং অবরুদ্ধ অবস্থার অবসান ঘটে।
হামলায় হতাহতদের একটি নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরে অনেকক্ষণ গোলাগুলি শোনা যায়। আজ শনিবার সকালেও এই এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে গত মঙ্গলবার কান্দাহার বিমানবন্দরে তালেবানের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল। বিবিসি।