টঙ্গীতে পুলিশের গুলিতে আহত ২ ছিনতাইকারী

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী  আহত হয়েছেন। এ সময় আরও দুই ছিনতাইকারীকে আটক করা হয়। সোমবার ভোররাতে তিলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত ছিনতাইকারীরা হলেন, মফিজ উদ্দিন (৩০) ও মোশারফ হোসেন (২৮)। আটকরা হলেন, ইমরান হোসেন(২৫) ও মোখলেছ (২০)।

 

পুলিশ জানায়, রাতে কামারপাড়া বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করে পালানোর সময় ওই চার ছিনতাইকারী তিলারগাতি এলাকায় টহলরত টঙ্গী পশ্চিম থানা পুলিশের সামনে পড়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে আটকের চেষ্টা করলে ছিনতাইকারীরা পুলিশের উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে মফিজ উদ্দিন ও মোশারফ হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ চার ছিনতাইকারীকে আটক করে। এদের মধ্যে আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। আটক ছিনতাইকারীদের তল্লাশি করে ৪টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


ইত্তেফাক/এমআরএম