ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে শনিবার বৈঠকে বসছেন। তারা দ্রুত গতির রেল চলাচল, প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু প্রযুক্তি নিয়ে আলোচনা করতে পারেন।
গত বছর সাধারণ নির্বাচনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর তিনি ও আবে একটি বিরল উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। দুই দেশ তাদের বন্ধুত্বের খাতিরে সুবিধা নিতে চাইছে। উভয় দেশ তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় পারস্পরিক সমঝোতা ভিত্তিক আংশিক সম্পর্ক গড়ে তুলেছে।
আবে বর্তমানে ভারতে দুই দিনের সফরে রয়েছেন। উভয় নেতা ডানপন্থী জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। ভারতের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার বিকেলে নয়াদিল্লীতে এসে পৌঁছেছেন আবে।
তিনি রেল, প্রতিরক্ষা ও পারমাণবিক চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন। আবে মোদীর সঙ্গে ভারতের পবিত্র নগরী বারানসি ও তার সংসদীয় এলাকা সফর করতে পারেন। গঙ্গা নদীর তীরবর্তী এ পবিত্র নগরীর বিভিন্ন দেয়ালে দেয়ালে দুই নেতার পোস্টার শোভা পাচ্ছে।
শুক্রবার দিল্লীর একটি বিশ্ববিদ্যালয় আবেকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এ সময় বক্তৃতার সময়ে আবে বলেন, এশিয়ার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উভয় নেতা জাপান থেকে সি-প্লেন কিনতে ভারতের আগ্রহ নিয়েও আলোচনা করতে পারেন। বৈঠকের আলোচ্যসুচিতে বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। বাসস।