ইরাক-সৌদি সীমান্তে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

ইরাক-সৌদি আরব সীমান্তের ইরাকী ভূখণ্ডে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় এক কমান্ডারসহ ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সৌদি আরবের কর্মকর্তারা একথা জানিয়েছেন।


আত্মঘাতী ওই বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি চালিয়ে ইরাকের আনবার প্রদেশের হাফর জাউইয়াহ্ সীমান্ত ঘাঁটির সদরদপ্তরে হামলা চালায়। এতে আরো ১৪ সীমান্তরক্ষী আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্ণেল জানান, বোমা হামলাকারী সেনাবাহিনীর পোশাক পরে বিস্ফোরকভর্তি একটি সামরিক যানে করে এ হামলা চালায়।


ওই সেনা কর্মকর্তা আরো জানান, হামলায় নিহতদের মধ্যে সীমান্ত রক্ষীবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হুসেইন আল-গোলীও রয়েছেন।


আনবার প্রদেশের রুতবা অঞ্চলে স্থানীয় কর্মকর্তা ইমাদ আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।


তাতক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ইরাকে ইসলামিক স্টেট জিহাদীরা আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আসছে। বাসস