যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী বিচারকের শপথ

 
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী বিচারক হিসাবে শপথ নিয়েছেন ক্যারোলিন ওয়াকার ডিয়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে কোরআন স্পর্শ করে কিংস কাউন্টির সপ্তম মিউনিসিপল ডিস্ট্রিক্ট সিভিল কোর্টের বিচারক হিসাবে ডিয়ালোকে (৪০) শপথ পড়ান একই কোর্টের আরেক নারী বিচারপতি ক্যাথি কিং।
 
আফ্রো-আমেরিকান এই দুই নারী জনগণের সরাসরি ভোটে বিচারক নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডিয়ালো জয়ী হন। নির্বাচনে তার পক্ষে সরব ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্কের ব্রুকলিন বরো হলে এই শপথ অনুষ্ঠানে কোরআন পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  মোনাজাতের আগে সম্প্রতি ক্যালিফোর্নিয়া, প্যারিসসহ বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় হতাহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অন্যান্য ধর্মীয় নেতাও এ সময় উপস্থিত ছিলেন।