মুসলমান হলে ফ্রি মিলবে কমেডি শো'র টিকেট!

 
মুসলমান হলে ফ্রি পাওয়া যাবে কমেডি শো'র টিকেট। নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত এক্সপেরিমেন্ট কমেডি গ্যালারি তাদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছে। মুসলমানদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের অসাড়তা প্রমাণ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ক্লাবটির ব্যবস্থাপক এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান মো ফাথেলবাব।
 
কমেডি শো বিনামূল্যে উপভোগ করতে আগ্রহীদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি তার ওয়েবসাইটে জানায়, '১. মক্কামুখী হও ২. সূরা ফাতিহা পড়ো ৩. তোমার মুসলিম স্বত্ত্বাটি ফেটে পড়ুক অট্টহাসিতে পুরো রাত জুড়ে।' এভাবেই তারা আমন্ত্রণ জানিয়েছে ইসলাম ধর্মাবলম্বী সব মানুষকে।
 
ক্লাবটির ব্যবস্থাপক এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান মো ফাথেলবাব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের অসাড়তা প্রমাণ করার জন্য তাদের মতো কমেডি ক্লাবের পক্ষে এটাই উৎকৃষ্ট সুযোগ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '(ট্রাম্পের) এই প্রচারে ইসলামফোবিয়া দেখতে দেখতে আমি ক্লান্ত'।
 
ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির হামলায় ১৪ জন মার্কিন নাগরিক প্রাণ হারালে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনীর প্রচারের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেয়ার দাবি তোলেন। এর প্রেক্ষিতে সম্প্রতি শুধু ফাথেলবাবই নন, অনেক তারকাই দাঁড়িয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে। যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশ নিষিদ্ধ করতে পিটিশনে সই করেছেন এক লাখেরও বেশি মানুষ। বিডি নিউজ।