ফুলকপি ছুড়ে সরকারি ড্রোন নামালেন এক কৃষক

 
 
সপ্তাহে একদিন শুধুমাত্র শক্রবারে হাট বসে কলকাতার অদূরে বক্সীগঞ্জে। সেই হাটে আকাশ থেকে একটি ড্রোনটি আস্তে আস্তে নিচের দিকে নেমে ঐ বাজারে মানুষের মাথার উপর ঘুরছিলো এমন সময় হঠাৎ করে এক কৃষক একটি ফুলকপি ছুড়ে ঐ ড্রোনটি মাটিতে নামিয়ে ফেলেন।
 
কপি ছুড়ে কেন নামানো হল ড্রোনটা জানতে চাইলে একজন চাষি বললেন, 'একে তো কপির দাম পাচ্ছি না, তার উপরে মাথার কাছে ঘড়ঘড় করে উড়ে বেড়চ্ছে৷ তাই রাগের বশে কপি ছুড়ে মেরেছে লোকটা।' আর একজন বললেন, 'না না, রাগ নয়। আসলে আচমকা কী একটা উড়ে মাথার উপরে এসেছে দেখে ঘাবড়ে গিয়ে কপি ছুড়ে মেরেছে।'
 
জানা যায়, চালক বিহীন এই আকাশযানটি সরকারী। ভোটের আগে সাফল্য নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষি কর্মকর্তারা, যারা বাজারের বাইরে ল্যাপটপ নিয়ে বসেছিলেন, তারা এ নিয়ে স্পিকটি নট। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আবদুর রহিম বলেন, 'এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। কৃষিপণ্যের বাজার নিয়ে একটি ভিডিও শ্যুটিং হচ্ছিল উদ্যানপালন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। কপিটি যিনি ছুঁড়েছিলেন, তাকে চিহ্নিত করা গেছে। ক্যামেরাটি উদ্ধারের চেষ্টা হচ্ছে।'
 
ইতিমধ্যে পুলিশও মাইকে করে প্রচার শুরু করে দিয়েছে। মাইকে ঘোষণা হয়, 'সরকারি একটি ক্যামেরা হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে ফেরত দিন। না হলে কড়া ব্যবস্থা নেয়া হবে...।' এখন প্রশ্ন দাড়িয়েছে কার বিরুদ্ধে কড়া ব্যবস্থা?