বাংলাদেশ আত্মবিশ্বাসী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে: পঙ্কজ

ভারতের বিদায়ী হাইকমিশনার পঙ্কজ সরণ বাংলাদেশকে একটি আত্মবিশ্বাসী দেশ হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক খাতে চমৎকার অগ্রগতি লাভের মাধ্যমে বৈশ্বিক ক্ষেত্রে উচ্চ মর্যাদায় আসন লাভ করেছে এবং বিগত বছরগুলোতে অনেক ক্ষেত্রে দিল্লীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে’।


শনিবার সন্ধ্যায় নগরীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং তৈরি পোশাক শিল্প খাতে চমৎকার অগ্রগতি অর্জন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আইটি বিকাশমান খাত হিসেবে আবির্ভূত হয়েছে’।


তিনি বলেন, বিগত বছরগুলোতে পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তিতে অনেক ক্ষেত্রেই দু’টি প্রতিবেশী দেশ একই সময় উন্নয়ন লাভ করেছে’।


তিনি বলেন, এই ধরনের আস্থা ও সমঝোতা অনেকগুলো ঝুলে থাকা বিষয়ের সমাধান সহজতর করেছে। আমরা আমাদের সম্পর্ক ও সহযোগিতা নতুন ক্ষেত্র উন্মুক্ত করতে সক্ষম হয়েছি।


পঙ্কজ শরণ মস্কোতে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আগামী মাসে ঢাকা ত্যাগ করবেন।


সাংবাদিকদের সঙ্গে এক ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে পঙ্কজ সরণ ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন বিষয়, দু’টি প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়ের সমাধান এবং নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবেশ খাতে সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয় আলোকপাত করেন।


অভিন্ন নদ-নদীর পানি বণ্টন সম্পর্কে তিনি বিষয়টিতে অভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমাদেরকে পানির ঘাটতির বাস্তবতা বিবেচনা নিতে হবে। সংলাপই হচ্ছে এই সমস্যার সমাধানের একমাত্র উপায়।


দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশী পণ্যের জন্য বাজার খুলে দেয়া সত্ত্বেও বাণিজ্য ভারসাম্যহীনতা কমিয়ে আনার লক্ষ্যে তার দেশে বাংলাদেশের রফতানি পরিমাণ সম্পর্ক তিনিও সন্তুষ্ট নন।


ঢাকা-দিল্লী সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে পঙ্কজ সরণ বলেন, বাংলাদেশ ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বিষয়ে ভারতের গৃহীত অবস্থানের কোন পরিবর্তন হয়নি।


তিনি বলেন, বাংলাদেশ ৫ জানুয়ারি নির্বাচন ছিল একটি সাংবিধানিক আবশ্যকতা। বাংলাদেশী জনগণ কিভাবে বা কার দ্বারা শাসিত হবে সে ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারিনা।


জনগণই তাদের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা সরকারের সঙ্গে কাজ করবো।


ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা গণতন্ত্র সমর্থন করে ও গণতন্ত্রে বিশ্বাস করে। আরেকটি স্বাধীন দেশের বিষয় হলে, সেই বিশেষ দেশের জনগণই সিদ্ধান্ত নিবে।


পঙ্কজ সরণ বাংলাদেশের জনগণের অসাধারণ উষ্ণ ও উদার মন-মানসিকতার এবং বিশেষ করে দেশের তরুণ প্রজন্মের মেধা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। বাসস