নৃত্যানুষ্ঠান রুমঝুম শুরু হয় ১৯৮০ সালে। তখন শাহিনা সরোয়ারের প্রযোজনায় নৃত্য শেখানোর এই সাপ্তাহিক অনুষ্ঠানটি পরিচালনা করছেন লায়লা ইমাম। শনিবার সকাল দশটার সংবাদের পর প্রচারিত রুমঝুম অনুষ্ঠানটি তখন থেকে এখন পর্যন্ত চলছে বাংলাদেশ টেলিভিশনে। যদিও মাঝে বছর খানেকের বিরতি ছিল। আর এই বিরতির স্মৃতিচারণ করতে গিয়ে লায়লা ইমাম বলেন, ‘শুরু থেকেই অনুষ্ঠানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু ১৯৮৫ সালে অনুষ্ঠানটি বন্ধ হওয়ার পর অনেকের কাছ থেকে অনুষ্ঠানটি আবার শুরু করার অনুরোধ আসছিল।
একটি ঘটনা এমন যে, আমি বাসার সামনে রিকশা জন্য অপেক্ষা করছিলাম। হঠাত্ একজন ভক্ত ছুটে এলো আমার কাছে। তার মুখে অনুষ্ঠানটি বন্ধ হওয়ার জন্য ক্ষোভ বাক্য শুনে আসলে আমি আপ্লুত হয়েছিলাম। আমাদের দেশের মানুষ নাচকে এতোটা ভালোবাসে সেদিনই জানতে পারি।
এরপর সবার অনুরোধে আবার শুরু করি নৃত্যানুষ্ঠানটি, যেটি এখন পর্যন্ত চলছে।’ এই দীর্ঘ সময় ধরে একটি অনুষ্ঠানে নিয়মিত নাচ শেখাচ্ছেন, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে লায়লা ইমাম বলেন, ‘এ অনুভূতি বলে শেষ করার মতো নয়। প্রথমদিকে যারা আমার এই অনুষ্ঠান দেখে নাচ শিখেছেন এখন তাদের সন্তানরাও একই অনুষ্ঠান দেখে নাচ শিখছে।
এটা সত্যিই অনেক আনন্দের। দীর্ঘদিন যাবত্ আমাদের মিডিয়ায় যারা নৃত্যশিল্পী হিসেবে কাজ করছে তাদের অনেকেই আমার ছাত্রী। তারা সফলভাবে কাজ করছে এটা দেখলেই অন্যরকম ভালোলাগা কাজ করে নিজের মধ্যে।’