জার্মানিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ , আহত অর্ধশতাধিক

জার্মানের পূর্বাঞ্চলীয় নগরী লিপজিগয়ে শনিবার নিও-নাৎসিদের সমাবেশের বিরুদ্ধে কট্টর বামপন্থীদের এক বিক্ষোভ সমাবেশ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে।
 
পুলিশের এক মুখপাত্র জানান, এই ঘটনায় মোট ৫৬ পুলিশ ও বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছে।  তিনি বিস্তারিত কিছু জানাননি। পুলিশের এই নারী মুখপাত্র আরো জানান, উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষে পুলিশের প্রায় ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। প্রায় এক হাজার লোক এই বিক্ষোভে অংশ নেয়। নিও-নাৎসিদের সমাবেশে প্রায় ১৫০ লোক জমায়েত হয়। 
 
লিপজিগয়ের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ও পটকা ছুঁড়ে মারে। তারা আবর্জনার ড্রাম পুড়িয়ে রাস্তা অবরোধ করে ও দমকল কর্মীদের ওপরও হামলা চালায়। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুঁড়ে মারে ও জলকামান ব্যবহার করে। এএফপি।