পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুমবুরায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৯০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সারাদিন ধরে বুজুমবুরায় চলা বিস্ফোরণ ও গুলির ঘটনায় এসব মানুষ নিহত হয় বলে শনিবার জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
গত মে মাসে ব্যর্থ অভ্যুত্থানের পর দেশটিতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের রাস্তা থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করতে করতেই দিনটি পার করেছেন সরকারি কর্মকর্তারা। ওই দিন দিবাগত রাতে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং শনিবার সারাদিনই বুজুমবুরার রাস্তাগুলো শান্ত ছিল বলেও জানিয়েছেন তারা।
সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারাতুজা জানিয়েছেন, বুজুমবুরার তিনটি সামরিক স্থাপনায় বন্দুকধারীরা হামলা চালিয়েছিল, এ হামলা থেকে সৃষ্ট সংঘর্ষ সারা শহরে ছড়িয়ে পড়ে। ৭৯ হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং ৪৫ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি চার পুলিশ কর্মকর্তা ও চার সেনা নিহত হওয়ার কথা জানিয়েছেন তিনি। শহরজুড়ে চালানো সাঁড়াশি অভিযান শেষ হয়েছে এবং অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
পুলিশ ঘরে ঘরে তল্লাশি চালিয়ে অনেককে ধরে নিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন শহরটির বাসিন্দারা, অপরদিকে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে ব্যর্থ অভ্যুত্থানের পর এর সঙ্গে জড়িত এক জেনারেল বলেছিলেন, তার বিদ্রোহী গোষ্ঠী প্রেসিডেন্টকে উৎখাতের জন্য চেষ্টা চালিয়ে যাবে। দেশটির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার ঘোষণা দেওয়ার পর থেকেই বুরুন্ডিতে অস্থিরতা শুরু হয়। রয়টার্স।