বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শিশুর নাম আব্দুল্লাহ। রবিবার দিবাগত ভোর ৪টার দিকে জানালার গ্রিল খুলে বাবা-মায়ের কোল থেকে তাকে চুরি করে নেয়। উপজেলার বিশারীঘাটা গ্রামে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে।
অপহৃত শিশু আব্দুল্লাহ সদর ইউনিয়নের দলিল লেখক সোহাগ হাওলাদারের পুত্র। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা বেগম কন্যা সুমাইয়া ও আড়াই মাসের অসুস্থ শিশুপুত্র আব্দুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ৪টার দিকে দুর্বৃত্তরা ঘরের গ্রিল খুলে ও ঘরের অন্য কক্ষের দরোজা বাইরে থেকে আটকে রেখে কোলের শিশু আব্দুল্লাহকে এবং সোহাগের মোবাইল নিয়ে যায়।
সোহাগ হাওলাদার জানান, ‘ঘরের মধ্যে মানুষের উপস্থিতি টের পেলেও কেন জানি উঠতে পারিনি।’ স্ত্রী রেশমা বেগম বলেন, ‘রাতে ছেলে ওষুধ ও বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কিভাবে নিয়ে গেছে টের পাইনি।’
আব্দুল্লাহর বাবা-মা জানিয়েছেন আব্দুল্লাহর মুক্তির জন্য দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে কল করেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুনঃ কামারখন্দে বাসচাপায় বৃদ্ধ নিহত
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, ‘শিশুটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু