বিটিআরসির ‘অলস টাকায়’ শিক্ষার্থী বাসে ওয়াইফাই

 
বিটিআরসির তহবিলে ‘অলস পড়ে থাকা’ প্রায় ৭২৫ কোটি টাকায় দুর্গম এলাকায় টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজে সহায়তা এবং শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই সেবা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
 
রবিবার বিটিআরসি কার্যালয়ে টেলিযোগাযোগ খাতের এই নিয়ন্ত্রক সংস্থার সামাজিক দায়বদ্ধতা তহবিল নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
তারানা হালিম বলেন, প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণে এ তহবিলের মোটা অংকের টাকা খরচ করা হবে। উচ্চগতির ইন্টারনেটের জন্য এ সব এলাকায় ফাইবার অপটিক নেটওয়ার্ক ও ওয়্যারলেস কানেকটিভিটি দেয়া হবে।
 
প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আগে কিছু সরকারি বাসে ওয়াইফাই সুবিধা দিলেও তা কাজে আসেনি। তাই পাবলিক বাস, বিশেষ করে যেগুলো স্টুডেন্টরা ব্যবহার করে, সেগুলোতে ওয়াইফাই দেওয়া হবে।
 
এ সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর কাছে যাবে, তিনিই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।
 
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, তহবিলের টাকা কীভাবে খরচ করা যায়- সভায় তার বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত তিনটি ক্ষেত্রে তহবিল ব্যয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।