তুরস্কের একটি মাছধরা নৌকাকে গুলি ছুঁড়ে সতর্ক করার কথা জানিয়েছে রাশিয়া। সংঘর্ষ এড়াতে ইজিয়ান সাগরে ওই নৌকাটিকে সতর্ক করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তুরস্কের নৌকাটি রুশ ফ্রিগেটের ৬০০ মিটারের মধ্যে চলে আসলে হালকা অস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়। এর পর দিক পরিবর্তন করে নৌকাটি।
স্মেতলিভি ফ্রিগেটটি এক কিলোমিটার দূর থেকে তুর্কি নৌকাটিকে চিহ্নিত করে। এসময় নৌকাটি রুশ ফ্রিগেটের দিকে অগ্রসর হচ্ছিল। রাশিয়ার অভিযোগ, বার বার চেষ্টার পরও তুর্কি নৌকাটি রেডিওতে সাড়া দেয়নি। এসময় ফ্লেয়ার জ্বালিয়ে সতর্ক করা হয়। এতেও কাজ না হওয়ায় নৌকাটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। গুলিগুলো প্রাণঘাতী ছিলো না বলে জানিয়েছে রাশিয়া।
এ ঘটনায় তুর্কি সামরিক দূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ায় রাশিয়ার একটি এসইউ-২৪ যুদ্ধ বিমান ভূপাতিত করার পর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। বিমানটি গত মাসে সিরিয়ার ভেতরে ভূপাতিত হয়। একে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে সিরিয়ায় রুশ বাহিনীর জন্য যে কোন হুমকি তৎক্ষণাৎ ধ্বংস করে দিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: বিবিসি