হিন্দি সিনেমার কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারকে পদ্মবিভূষণে সম্মানিত করল ভারত সরকার। দীলিপের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশর তাকে সম্মানিত করেন।
জানা গেছে, এ বছরের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেয়ার কথা ঘোষণা করে। যে দিন রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান দেয়া হয়, ওই প্রবাদপ্রতিম অভিনেতা হাজির থাকতে পারেননি। তাই সরকারের পক্ষ থেকে এ দিন তার বাড়িতে গিয়েই সম্মানিত করা হল।
ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন মহম্মদ ইউনুস খান ওরফে দিলীপ কুমার। অধুনা পাকিস্তানের পেশোয়ারে ১৯২২ সালে জন্ম তার। মুঘল এ আজম, নয়া দৌঁড়, দেবদাস, মধুমতী, গঙ্গা যমুনা-র মত সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।
১৯৯১-এ পেয়েছেন পদ্মভূষণ এবং ১৯৯৪-তে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।