শহীদ বুদ্ধিজীবী দিবসে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সোমবার বেলা তিনটায় শুরু হওয়া সিন্ডিকেট বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রস্তাব তোলা হয়।
এরপর সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানান, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশটির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের সম্পর্ক রয়েছে, তা ছিন্ন করার বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে।
উপাচার্য বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার ও দৃষ্টান্তমূলক যে শাস্তির দাবি- তা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের দাবি ও শহীদ পরিবারে দাবি।’
তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বিচ্ছিন্ন করার সময় এসেছে। কারণ তারা গণহত্যা চালিয়েছে একাত্তরে, আবার সেই গণহত্যাকে অস্বীকার করছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাক- তা আমরা চাই না।