উত্ত্যক্তের কারণে বন্ধ হয়ে গেছে এক স্কুলছাত্রীর লেখাপড়া

রাস্তায় এক বখাটের উত্ত্যক্ত করার কারণে বন্ধ হয়ে গেছে এক স্কুলছাত্রীর লেখাপড়া। ওই স্কুলছাত্রীর নাম  মোছাঃ নুপুর খাতুন (১৫)। সে উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। জোরপূর্বক বিয়ে করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা গেছে, উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম ও গোলাপী খাতুনের মেয়ে নুপুর। সে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। সে স্থানীয় মোঃ আলমগীর হোসেন নামে এক বখাটের কারণে দীর্ঘদিন ধরে স্কুলে আসতে পারছে না। 

নুপুর খাতুনের মা গোলাপী খাতুন এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ‘একই গ্রামের মৃত মতিন সরকারের ছেলে মোঃ আলমগীর হোসেন তার কয়েকজন সহযোগীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে স্কুল যাতায়াতের পথে নুপুর খাতুনকে উত্ত্যক্ত করে আসছে। সে নুপুরকে বিয়ের প্রস্তাবসহ নানা কুপ্রস্তাব দিয়ে আসছে। এ ব্যাপারে নুপুর প্রতিবাদ করলে তাকে দেখে নেওয়ার এবং প্রয়োজনে ভুয়া কাবিনামা করে জোরপূর্বক বিয়ে করার হুমকি দেয়।

কিছুদিন আগে প্রাথমিকভাবে গ্রামে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে ছেলেটির পরিবার থেকে নুপুরকে আর উত্ত্যক্ত না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আলমগীর তা রক্ষা না করে তার এই হীনকর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

গোলাপী খাতুন অভিযোগে আরো বলেন, ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে আলমগীর সিরাজগঞ্জ নোটারী পাবলিক কার্যালয় থেকে নুপুরের সঙ্গে তার বিয়ে হয়েছে মর্মে একটি এফিডেভিট তৈরি করে ফেসবুকে প্রচার করে। এই এফিডেভিটটি মিথ্যা বলে উল্লেখ্য করেন গোলাপী। অভিযোগে তিনি তার মেয়ের লেখাপড়ার স্বার্থে আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

শিক্ষার্থী নুপুর খাতুন অভিযোগ করে বলেন, সে এবছর ১০ম শ্রেণিতে পড়াশোনা করছে। আগামী বছরের শুরুতেই তার এসএসসি পরীক্ষা। এ অবস্থায় স্কুলে ক্লাস করতে না পারায় তার চরম ক্ষতি হচ্ছে। এছাড়া আলমগীর তার বিরুদ্ধে এলাকায় ও ফেসবুকে নানা মিথ্যা কাহিনী ছড়ানোর কারণে সে এখন লজ্জায় বাড়ি থেকে বের হতে পারছে না। চরম অনিশ্চয়তা ও ভীতিকর পরিস্থিতির মধ্যে দিন কাটছে তার। 

এ ব্যাপারে উল্লাপাড়া থানায় যোগাযোগ করলে উপ-পরিদর্শ মোশারফ হোসেন জানান, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। আলমগীর পালিয়ে বেড়াচ্ছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নুপুরের মায়ের অভিযোগপত্র তিনি পেয়েছেন। অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লাপাড়া থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু