ফ্রান্সে দ্বিতীয় দফা নির্বাচনে ডানপন্থীদের ভরাডুবি

 
ফ্রান্সে দ্বিতীয় পর্যায়ের স্থানীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে প্রথম পর্যায়ে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের (এনএফ)। একটি এলাকায়ও জিততে পারেনি দলটি। দলটির নেতা মেরিন লি পেন পরাজয় মেনে নিয়েছেন।
 
দ্বিতীয় দফা নির্বাচনে দলটি তৃতীয় অবস্থানে রয়েছে। নিকোলাস সার্কোজির মধ্য-ডানপন্থি রিপাবলিকান পার্টি প্রথম স্থানে আর প্রেসিডেন্ট ওলাদের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টি রয়েছে দ্বিতীয় স্থানে। গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ১৩টি অঞ্চলের ৬টিতেই জয়লাভ করেছিল এনএফ।
 
এফএন নেতা ২৬ বছর বয়সী মেরিন লি পেন পরাজয় মেনে নিলেও সামনের দিনগুলোতে তাদের লড়াই অব্যাহত রাখতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিজয়ী দলের প্রতি আঁতাত করার অভিযোগ এনে বলেন, জয়ী দল ষড়যন্ত্র করেছে যাতে আমরা ক্ষমতায় না যেতে পারি। তিনি বলেন, বিরোধীরা মিথ্যা এবং ভুল তথ্য প্রচার করে আমাদের সমর্থকদের কৌশলে ভোট প্রয়োগ থেকে বিরত রেখেছে। 'কিছু জয় আছে যা জয়ীদের লজ্জা দেয়' বলেন মেরিন।
 
মেরিন উত্তরাঞ্চল এবং তার ভাগ্নে দক্ষিণাঞ্চল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন। প্রথম পর্যায়ে তারা ক্ষমতাসীন দল সোস্যালিস্ট পার্টি থেকে ৪০ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু ক্ষমতাসীনরা পরবর্তীতে ঐ দুই অঞ্চল থেকে তাদের প্রার্থী তুলে নিলে তাদের সমর্থকরা রিপাবলিকানদের ভোট দিয়ে জয়ী করে। সূত্র: বিবিসি