সাতক্ষীরায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছোট ভাই আনোয়ারুল সরদার (৩৫)। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন পরিবারের দুই সদস্য।আজ সোমবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা গ্রামে নিহত আনোয়ারুলের বাড়িতে  এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ জানান, দুপুরে পারিবারিক জমি ভাগবাটোয়ার জন্য বাড়ির গৃহকর্তা আহম্মদ আলি সরদার তার দুই ছেলে আমিনুর ও আনোয়ারুলসহ পরিবারের সবাইকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে জমি ভাগাভাগি কম বেশি নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে ছোট ভাই আনোয়ারুল তার বড় ভাই আমিনুর রহমানকে ছুরিকাঘাত করতে উদ্যত হন। এ সময় বড় ভাই ওই ছুরি কেড়ে নিয়ে নিজেই ছোট ভাইয়ের বুকে সেই ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যায় ছোট ভাই আনোয়ারুল ইসলাম।তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে, নিহত আনোয়ারুল প্রতাপনগর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন।

আরও পড়ুন: ঢাবি ভিসির বাড়ির সামনে উত্তেজনা

আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে