স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইন্টারনেট যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেয়া হয়নি।
সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই। ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন, গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দিয়েছি।
শীর্ষ দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকরকে সামনে রেখে গত ১৮ নভেম্বর ফেসবুক, ভাইবার, ম্যাসেঞ্জার, হোয়াটঅ্যাপ, ট্যাঙ্গো, লাইনসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সাময়িক বন্ধ করে দেয় সরকার। কিন্তু কেউ কেউ বিকল্প পথে ব্যবহার করে আসছিল। বন্ধের ২২ দিনের মাথায় গত ১০ ডিসেম্বর ফেসবুকের সঙ্গে এর অ্যাপস ম্যাসেঞ্জার খুলে দেয়া হলেও অন্যান্য মাধ্যমগুলো এখনও বন্ধ রয়েছে। তবে চালু ছিল টুইটার।