সার্ভিস ইনোভেশন ফান্ডের ৬ষ্ঠ পর্বের বিজয়ী প্রকল্পগুলোর সাথে চুক্তি স্বাক্ষরিত

 
রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে আজ ১৩ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে পরিচালিত সার্ভিস ইনোভেশন ফান্ডের ৬ষ্ঠ পর্বের বিজয়ী ৩০টি প্রকল্পগুলোর সাথে পৃথকভাবে এটুআই প্রোগ্রামের চুক্তি স্বাক্ষরিত হয়।
 
এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নির্বাচিত ৩০টি প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নের সুযোগ পাবে। এটুআই প্রোগ্রামের পক্ষ থেকে এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার এবং বিজয়ী ৩০টি প্রকল্পের উদ্ভাবক ও প্রতিষ্ঠান প্রধানগণ চুক্তি স্বাক্ষর করেন।   
          
দেশের বিভিন্ন পর্যায়ের উদ্ভাবনী উদ্যোগকে আরো উৎসাহিত করতে এবং সর্বস্তরে একটি উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের উদ্যোগে সার্ভিস ইনোভেশন ফান্ড গঠন করা হয়। ৬ষ্ঠ পর্বে ২৪০টি উদ্ভবনী আইডিয়া থেকে যাচাই-বছাই শেষে ৩০টি উদ্ভাবনী আইডিয়া পাইলট বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি সরকারি, ১০টি বেসরকারি, ২টি এনজিও, ২টি বিশ্ববিদ্যালয় এবং ৮টি ব্যক্তি পর্যায়ের প্রকল্প রয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান হিসেবে প্রায় ৬ কোটি টাকা কিস্তি আকারে প্রকল্পগুলো বরাবর প্রদান করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাস্তাবয়নকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে প্রকল্প বাস্তবায়ন কৌশল, বেইজলাইন সার্ভে, টিসিভি নির্ধারণ, বাস্তবায়নকালীন সম্ভাব্য বাঁধা এবং তা অতিক্রমের উপায়, ট্যাকনিক্যাল স্প্যাসিফিকেশন নির্ধারণ,  আর্থিক এবং ক্রয়সংক্রান্ত বিষয়সহ প্রকল্পগুলোতে প্রত্যাশিত সাফল্য অর্জনে করণীয় সম্পর্কে একটি সম্মক ধারণা প্রদান করা হয়।
 
উল্লেখ্য যে, এটুআই-এর অধীনে সার্ভিস ইনোভেশন ফান্ড ২০১৩ সালের মার্চে যাত্রা শুরু করে। এ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের প্রায় ২৫০০ উদ্ভাবনী আইডিয়া একটি অনলাইন সিস্টেমে জমা পরে। উদ্ভাবনী আইডিয়াগুলোর মধ্যে ৯২টি প্রকল্প (৬ষ্ঠ পর্বসহ) একটি অনুমোদিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ১০টি প্রকল্পের পাইলট বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্রকল্পগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেয়ার কাজ চলমান রয়েছে। এখানে আরো উল্লেখ্য যে, সার্ভিস ইনোভেশন ফান্ডের জন্য যে কোন সময় যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান একের অধিক আইডিয়া নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 
 
উক্ত অনুষ্ঠানে মুখ্য সচিব মহোদয় জনাব আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব সুরাইয়া বেগমসহ কার্যালয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভ্ন্নি মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার, ইনোভেশন অফিসার অনুদানপ্রাপ্ত প্রকল্পের উদ্ভাবক এবং প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।