আগামীকাল বিজয় দিবস উপলক্ষে শোবিজের অনেকেই ব্যস্ত ছিলেন বিজয় দিবস কেন্দ্রিক নাটক নিয়ে। সেই ব্যস্ততায় ছিলেন সোহানা সাবা। বিজয় দিবসের একাধিক নাটকে অভিনয় করলেও সবগুলো প্রচারের সম্ভাবনা নেই বলে জানান সাবা। তিনি বলেন, ‘বিজয় দিবসের কয়েকটি নাটকে কাজ করেছি। কিন্তু কোনগুলো যে প্রচার হবে সে বিষয়ে আমি নিশ্চিত নই। নাটকের প্রচার নিয়ে এখন দ্বিধায় পড়ে যাই। কারণ এতো নাটক হচ্ছে যে, সেই দৌড়ে আমাদেরও টিকে থাকতে অনেক কাজ করতে হচ্ছে। দেখা যায়, অনেকগুলো নাটকে অভিনয় করে প্রচারের বিষয়টি মনে রাখা সম্ভব হয় না।’
অন্যদিকে, চলতি মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র ‘ষড়রিপু’। কিন্তু সাবা জানান, চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়েছে। তবে আগামী মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে। এটি কলকাতায় অভিনীত সাবার প্রথম চলচ্চিত্র।