শরণার্থী সমস্যাকে ইউরোপের জন্য একটি ‘ঐতিহাসিক পরীক্ষা’ বলে বর্ণনা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। মানবিক দায়িত্ববোধ থেকে শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দিয়েছেন বললেও এ ঢল উল্লেখযোগ্য মাত্রায় কমানো হবে বলেও জানিয়েছেন তিনি।
বিবিসি জার্মান কর্মকর্তাদের বরাতে জানায়, এবছর ১০ লাখের বেশি শরণার্থী জার্মানিতে প্রবেশ করেছে। মারকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন- (সিডিইউ) পার্টির অনেকেই এত শরণার্থীকে ঠাঁই দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে। শরণার্থী কমানোর আহ্বান জানাচ্ছেন পার্টির কিছু সদস্য।
গতকাল সোমবার সিডিইউ পার্টির বার্ষিক সম্মেলনে মারকেল বলেন, এমন অনেককিছু যেগুলো আমাদের থেকে অনেক দূরে কোথাও ঘটছিল। আমরা টেলিভিশনে সেসব দেখেছি। বর্তমানে সেসব একদম আমাদের দোরগোড়ায়।
সিরিয়ায় যুদ্ধ, আসাদ বাহিনীর ব্যারেল বোমা নিক্ষেপ, ইরাক ও সিরিয়ায় আইএস’র বিস্তার, লিবিয়ার বাস্তবতা যেখানে কার্যকর কোনো সরকার নেই, আফগানিস্তান পরিস্থিতি- এইসবই এখন আর আমাদের থেকে অনেক দূরে নয় বরং আমাদের কাছে এসে পড়েছে।
তবে মারকেল দলের সদস্যদের আশ্বস্ত করে বলেন, জার্মানি থেকে শরণার্থীদের সংখ্যা যথেষ্ট মাত্রায় কমিয়ে আনা হবে। তিনি বলেন, আমরা শরণার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে চাই এবং আমরা তা করব। শরণার্থী সঙ্কটের ভয়াবহতার প্রেক্ষাপটে ২০১৫ সালকে ‘একটি অবিশ্বাস্য বছর’ বলে বর্ণনা করেছেন মারকেল। বিবিসি।