নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল প্রাঙ্গণে জ্ঞান হারালেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুর। তার হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ার ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে দেশের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে বেগম রোকেয়া হল প্রাঙ্গণে হঠাৎ করেই জ্ঞান হারান ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী নুরুল হক নুর। অনেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর উপস্থিতিতে মারধরের কারণে নূর জ্ঞান হারান বলে দাবি করেন। তবে আরেক পক্ষের দাবি, মারধরের ঘটনা ঘটেনি নুরের সঙ্গে। বরং এক রকম ভণিতার আশ্রয় নিয়েই জ্ঞান হারানোর অভিনয় করেছেন কোটা সংস্কার আন্দোলনের এই নেতা। এদিকে নূরের রোকেয়া হলের কেন্দ্র পরিদর্শনের পর তার জ্ঞান হারানোর ভিডিওটি মূহুর্তেই ভাইরাল হয় দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আরও পড়ুন: উদ্ধার হওয়া ব্যালটগুলো ভুয়া, মূল ব্যালটের সঙ্গে মিল নেই: গোলাম রাব্বানী
জানা যায়, রোকেয়া হলে ভোটগ্রহণের শুরুতে ৯টি ব্যালট বাক্সের মধ্যে ছয় প্রার্থীর সামনে উন্মুক্ত করে দেখানো হয়। বাকি তিনটি দেখায়নি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টরা। এ সময় অন্য প্রার্থীরা বাকি তিনটিও উন্মুক্ত করে দেখানোর দাবি জানান। কিন্তু নির্বাচনের সংশ্লিষ্টরা এতে অসম্মতি জানালে ওই কেন্দ্রের সামনে উপস্থিত প্রার্থী ও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। এরই এক পর্যায়ে হঠাৎ করে জ্ঞান হারান নুরুল হক নুর।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোনো রকম মারধর ছাড়াই হঠাৎ করেই পাশের জনের কাঁধে ঢুলে পড়েন নুর। পরে তার মাথায় পাশ থেকে পানি ঢালা হয় এবং কয়েকজন মিলে তাকে উঠিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিও থেকে তাকে মারধরের কোনো প্রমাণ মেলেনি। এর ফলেই অজ্ঞানের ঘটনাটি একান্তই অভিনয় বলেও দাবি অনেকের।
ভিডিও: সময় টিভি
ইত্তেফাক/জেডএইচডি