৩৪ দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী জোট গঠন করলো সৌদি আরব

সৌদি আরব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তিশালী উপসাগরীয় দেশগুলো, মিশর ও তুরস্কসহ মোট ৩৪ দেশের সমন্বয়ে একটি জোট গঠন করেছে। তবে এ জোটে ইরানকে বাদ দেয়া হয়েছে।
 
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র খবরে মঙ্গলবার বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সামরিক অভিযান সমন্বয় ও তাতে সহায়তা করতে সৌদি নেতৃত্বাধীন এ জোট গঠন করা হয়েছে। এ জোট হবে রিয়াদভিত্তিক। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদ রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, এ জোট সন্ত্রাসবাদের পাশাপাশি ইসলামি বিশ্বের সমস্যা মোকাবেলা করবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অংশীদার হবে।
 
সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সহায়তার জন্য বন্ধু প্রতিম শান্তিপ্রিয় দেশগুলো ও আন্তর্জাতিক জোটগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবরে আরো বলা হয়েছে, ইন্দোনেশিয়াসহ আরো ১০ টি’রও বেশি মুসলিম দেশ এই জোটকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।
 
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত নিয়ন্ত্রণে দেশটির আরো বেশি কিছু করা প্রয়োজন এবং সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো ইয়েমেন সংঘাতের কারণে মনোযোগ সরিয়ে রেখেছে। এএফপি।