কার পার্কিংয়ের স্থানে দোকান: তালিকা চেয়েছে হাইকোর্ট

 
রাজধানীতে সড়কের পাশে নির্মিত যেসব ভবনের কার পার্কিংয়ের জায়াগায় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান তৈরি করা হয়েছে তার তালিকা দুইমাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ঐ সময়ের তালিকা দাখিল করতে বলা হয়েছে।
 
এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি সাইদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান অপসারণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করেছে আদালত।
 
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এই সংক্রান্ত একটি রিট দায়ের করেন। রিটে বলা হয়, রাজধানীতে যানজটের অন্যতম কারণ রাস্তার পাশে নির্মিত ভবনের কারপার্কিয়ের স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা। কেননা, জায়গা না থাকায় রাস্তায় কার পার্কিং করা হয়। আর এতে যানজটের সৃষ্টি হয়। ঢাকার যানজট এখন চরম আকার ধারণ করেছে। গুলশান, বনানী ও বারিধারায় ২০৮টি অবৈধ স্থাপনার তালিকা তৈরি করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছে রাজউক।
 
আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনিজল মোরশেদ শুনানি করেন। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে।