সিরিয়ায় বিদ্রোহীদের হাত থেকে সামরিক ঘাঁটি পুনর্দখল

সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব প্রান্তে বিদ্রোহীদের হাত থেকে একটি বিমান ঘাঁটি পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। দেশটিতে গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানিয়েছে।
 
সিরিয়ান অবজারভেটরি জানায়, সরকারি বাহিনী মার্জ আল-সুলতান নামের ঘাঁটিটি দখল করে সংলগ্ন শহরটি দখলের চেষ্টা করছে। তবে সামরিক বাহিনীর একটি সূত্রের দাবি, শহরটি তারা ইতিমধ্যে দখল করে নিয়েছে। ২০১২ সালের নভেম্বরে বিদ্রোহীরা ওই বিমান ঘাঁটির দখল নিয়েছিল।
 
‍বিদ্রোহীদের কেন্দ্র হিসাবে বিবেচিত এলাকায় সরকারি বাহিনীর এ সাফল্য একটি অবিস্মরণীয় ঘটনা বলে মনে করা হচ্ছে। প্রায় এক মাস আগে থেকে সরকারি বাহিনী মার্জ আল সুলতান পুনর্দখল করার জন্য অভিযান শুরু করেছিল। অভিযানে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা সরকারি বাহিনীকে সহায়তা করে।
 
উল্লেখ্য সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাড়ে চার বছরে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। সূত্র: বিবিসি