স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশবাসীকে ‘স্বর্গ থেকে নরক’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। ‘স্বর্গ থেকে নরক’ মূলত একটি মাদকবিরোধী চলচ্চিত্র। মন্ত্রী চলচ্চিত্রটির ট্রেলার দেখেন এবং তা দেখতে সবার প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলের সুরমা হলে ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আইন প্রয়োগ করেও মাদক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। মানুষ সচেতন না হলে মাদকযুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কা আছে। তবে আমরা হারতে চাই না।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসে কোনো নাশকতা হবে না। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে এরকম কোনো আশঙ্কার উল্লেখ নেই। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত আছে।’
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) প্রযোজিত ‘স্বর্গ থেকে নরক’চলচ্চিত্রটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে। চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরুপ রতন চৌধুরী।
সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির কয়েক মিনিটের ট্রেলার দেখানো হয়।এ চলচ্চিত্র সম্পর্কে পরিচালক অরুপ রতন চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এদের ৮০ শতাংশই যুবক। আবার তাদের মধ্যে ৪৩ শতাংশ বেকার। আর মাদকাসক্তদের ৫০ শতাংশই অপরাধের সঙ্গে জড়িত। আলো ঝলমল নগরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে অন্ধকার গ্রামেও মাদক থাবা বিস্তার করেছে। এমনকি স্কুলের ছাত্রছাত্রীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে দিন দিন।’
প্রত্যেক পরিবার চলচ্চিত্রটি দেখলে উপকৃত হবে বলে আশা করেন অরুপ রতন চৌধুরী।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন তথ্য সচিব মরতুজা আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রকিবুর রহমান, মনোরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী ও চলচ্চিত্রটির অভিনেত্রী নিপুণ।