কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দ ও প্রক্টরিয়াল বডির সামনে দরপত্র (টেন্ডার) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার কার্যালয়ের করিডোরে দরপত্র জমা দিতে গেলে বহিরাগত দুষ্কৃতিকারীরা দরপত্র ছিনিয়ে নেয় বলে লিখিত অভিযোগ করেছে কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযোগে বলা হয়, দরপত্র ছিনতাইকালে উপস্থিত শিক্ষকদেরও লঞ্ছিত করে বহিরাগত দুষ্কৃতিকারীরা।
এ ঘটনার নিন্দা জানিয়ে ও লাঞ্ছনাকারী ঠিকাদার সাইফুদ্দিন পাপ্পুকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি দুলাল নন্দী বলেন, ‘ঠিকাদার পাপ্পু শিক্ষকদের লাঞ্ছিত করেছেন শুনতে পাই। এরপর আমি ক্যাম্পাসে গিয়ে পাপ্পুকে বের করে দেই।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি শিক্ষক লাঞ্ছনার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।’