স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

 
রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের কোনো গাফিলতি সহ্য করা হবে না।
 
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে এক সভায় তিনি এই কথা বলেন।
 
এ সময় তিনি আড়াইশ’ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ৫তলা সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেন। এ ছাড়া হাসপাতালের জনবল ও চিকিৎসাসামগ্রী সরবরাহের বিষয়টি অবহিত হন এবং দ্রুত তা সমাধানের আশ্বাস দেন। জনগণ যেন কোন বিড়ম্বনা ছাড়াই সেবা পেতে পারে তা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন। সেবার মনোভাব নিযে সকলকে কাজ করার জন্যও তিনি আহবান জানান।
 
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার মন্ডল, হাসপাতালের তত্ত্বাবধাযক ডা. দেবপদ রায়, আরএমও ডা. এম আকরামুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, দলের সিনিয়র নেতা সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।