মন্ত্রী-এমপি যেই হোক, বিধি লঙ্ঘনে রেহাই নেই : কাদের

 
মন্ত্রী, এমপি বা যতো প্রভাবশালী ব্যক্তি হোক না কেন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাভঙ্গ করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
মঙ্গলবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মনিটরিং টিম করে দেখাশুনা করছেন। তিনি কঠোর অবস্থানে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করলে কারো রেহাই নেই।
 
চার লেন প্রকল্পের প্রথম স্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ১৯২ কিলোমিটারের মধ্যে ১৭৫ কিলোমিটারের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে। এই ডিসেম্বরের মধ্যেই বাকি প্রথম স্তরের কাজ শেষ হবে। আশা করি, নতুন বছরের শুরুতে জাতিকে প্রস্তুত ফোর লেন উপহার দিতে পারব।
 
এ সময় চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, সড়ক ও জনপথের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিব্বিসহ সড়ক ও জনপথ, হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।